নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থলের কাছ থেকে ভাঙা হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও এসআই হাসান অভিযান চালিয়ে পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন শেখকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র ও নয়টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর এসকেন শেখকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ। এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরা হ্যান্ডকাফসহ এসকেনকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আহত এসআই মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাফটি ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এসকেন শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি পলাতক আসামি এসকেন শেখকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন