বরিশাল প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে সংঘবদ্ধ চুরির ঘটনায় চোরাই মালামালসহ আপন ভাই-বোনকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক দুজন হলেন মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) ও তাঁর ভাই জসিম সরদার (৪০)। তাঁদের কাছ থেকে নগদ টাকা, একটি ডলার ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর ও আশপাশের এলাকায় কয়েকটি দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটে। আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকান এবং ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন ও আসাদুল ইসলামের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া যায়।
বুধবার ভোরে টিটুর চায়ের দোকানে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা এলাকায় তল্লাশি চালিয়ে রুমা ও জসিমকে আটক করেন।
স্থানীয় বাসিন্দা মিলনের ভাষ্য অনুযায়ী, জসিমের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি হওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমার কাছ থেকে পাঁচটি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়। পরে তাঁদের আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আগরপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আটক দুজনকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন