বিশেষ প্রতিনিধি
সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সভাপতিত্ব করেন। এতে অন্তত ৬১ জন সচিব অংশ নেন।
সচিব সভা সূত্রে জানা গেছে, বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে দুদককে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাতে বলেন।
দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে। কমিটিগুলোকে প্রয়োজনীয় কারিগরি ও আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে দুদক।
সচিব সভায় সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণার বিষয়টিও আলোচনায় আসে। বৈঠকে উপস্থিত কয়েকজন সচিবের মতে, সরকারি সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল সচিবদের নিয়ে প্রথম সভা। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি সরকারি চাকরির শূন্য পদ দ্রুত পূরণ, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বৈঠকে মূলত সরকারের বিভিন্ন কাজের দক্ষতা বাড়ানো এবং চলমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি মাঠপর্যায়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোর অভ্যন্তরীণভাবে অনিয়ম চিহ্নিত ও প্রতিরোধে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। তবে এসব কমিটির কার্যপরিধি, গঠনপ্রক্রিয়া ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিক প্রস্তাব ও পরবর্তী সরকারি নির্দেশনার মাধ্যমে স্পষ্ট হবে।
✍️ মন্তব্য লিখুন