ডেস্ক নিউজ
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন যুক্ত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য দরপত্র ছাড়াই ২০০টি ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন ও আনুষঙ্গিক অবকাঠামোও সরাসরি ক্রয় পদ্ধতিতে নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে এবং জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) অনুসরণ করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বাসগুলোর একটি অংশ রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা হিসেবে পরিচালিত হবে। এছাড়া বাসগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সংযোগ ও সংশ্লিষ্ট সুবিধাও একই প্রকল্পের আওতায় গড়ে তোলা হবে।
সরকার বলছে, জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বৈদ্যুতিক বাসের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটেও ইলেকট্রিক বাস আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক-সুবিধা দেওয়া হয়েছে।
তবে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে বড় অঙ্কের সরকারি কেনাকাটার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে, প্রচলিত বিধি অনুযায়ী অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন