গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং উত্তরপত্রে কারচুপির (টেম্পারিং) অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) মাদরাসা কর্তৃপক্ষ প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্ত জানায়।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ চলাকালে কয়েকজন শিক্ষার্থী অনৈতিক উপায়ে পরীক্ষায় অংশ নেয় এবং উত্তরপত্রে কারচুপির অভিযোগ ওঠে। পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে আলিম প্রথম বর্ষের ১২ জন, সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছে। বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আরবি, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়েও অনিয়ম ধরা পড়েছে।
মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের স্বচ্ছতা, একাডেমিক শৃঙ্খলা এবং দীর্ঘদিনের সুনাম রক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরীক্ষায় জালিয়াতি বা অসদুপায়ের ঘটনায় ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে বলে তিনি জানান।
✍️ মন্তব্য লিখুন