দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের সময়সূচি জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান সম্পন্ন হওয়ার পর জেলা ভিত্তিক পদায়ন করা হবে এবং পরবর্তী সময়ে তাঁদের পেশাগত প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে দ্রুত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে যুক্ত হতে পারেন।
এর আগে শিক্ষক নিয়োগ–সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় অক্টোবরের শেষ দিকে যোগদান শুরুর সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তবে প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তে যোগদানের তারিখ এগিয়ে এনে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব গ্রহণের সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বিভিন্ন প্রশাসনিক ও তদন্ত–সংক্রান্ত কারণে তাঁদের যোগদান প্রক্রিয়া বিলম্বিত হলেও নতুন সিদ্ধান্তের মাধ্যমে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
✍️ মন্তব্য লিখুন