নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় ও দূরত্ব কমিয়ে আরও দ্রুত ও আধুনিক রেলসেবা নিশ্চিত করতে কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবার চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে বিদ্যমান অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি নতুন রেলপথ নির্মাণের বিষয়েও সরকার কাজ করছে। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত কর্ডলাইন নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার রুটে যাত্রীচাপ বিবেচনায় ভবিষ্যতে আরও একজোড়া নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলওয়ের জায়গা দখল ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্ডলাইন প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত কমতে পারে। এতে যাত্রার সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং দেশের সবচেয়ে ব্যস্ত রেল করিডোরে যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল হবে। তবে প্রকল্পের ভবিষ্যৎ বাস্তবায়ন নির্ভর করবে চলমান ফিজিবিলিটি স্টাডির ফলাফল ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
✍️ মন্তব্য লিখুন