ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রীবোঝাই একটি ট্রেন রেখে দুই লোকোমাস্টার (চালক) হঠাৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। প্রায় এক ঘণ্টা চালকবিহীন অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস। পরে চালকেরা ফিরে এলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্টেশন সূত্রে জানা যায়, সাগরদাঁড়ি এক্সপ্রেস সন্ধ্যা ৬টার কিছু পরে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নির্ধারিত যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও চালকের কক্ষে লোকোমাস্টার মাহবুবুর রহমান ও আলামিন হোসেনকে পাওয়া যায়নি। এতে ট্রেনটি স্টেশনেই আটকে থাকে।
চালকদের অনুপস্থিতির কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন না ছাড়ায় অনেকে স্টেশন কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চান। বিশেষ করে যাঁদের জরুরি গন্তব্যে পৌঁছানোর প্রয়োজন ছিল, তাঁরা দুর্ভোগে পড়েন।
স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, চালকদের খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁরা ফিরে আসেন। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, স্থায়ী লোকোমাস্টাররা চুক্তিভিত্তিক চালক নিয়োগ বাতিল এবং ২০২০ সালের নিয়োগবিধি সংশোধনের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কর্মবিরতি পালন করছেন। তবে এ ঘটনায় অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার পর যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও শেষ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, যাত্রীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন রেলসেবা নিশ্চিত করতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
✍️ মন্তব্য লিখুন