রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) যৌথ প্রতিবাদলিপিতে এ ঘোষণা দেয়। সংগঠনগুলোর দাবি, ভিপির বক্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বাধীন সংবাদ সংগ্রহের পরিবেশের পরিপন্থী।
প্রতিবাদলিপিতে বলা হয়, সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাঁদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্য দেন। এ ধরনের মন্তব্য স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে বলে দাবি করেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক সংগঠনগুলোর ঘোষণা অনুযায়ী, ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা রাকসুর কোনো কর্মসূচির সংবাদ সংগ্রহ বা প্রকাশে অংশ নেবেন না। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে একই ঘটনায় পৃথক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশনও। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন