নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, ২৯ জুলাই পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করায় ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বর্তমানে জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। তাই জনস্বার্থ বিবেচনায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এনসিপির পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্তে কাজ করছে।
✍️ মন্তব্য লিখুন