পঞ্চগড় প্রতিনিধি
মানবতার সেবায় হাজার হাজার কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসে প্রতিবন্ধী মানুষের জন্য স্থায়ী কার্যালয় নির্মাণকাজে অংশ নিয়েছেন একদল বিদেশি স্বেচ্ছাসেবী। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধাইধাইপাড়া এলাকায় ‘আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা’র ভবন নির্মাণে তাঁরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডসভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড সার্ভেন্টস-এর ২৯ সদস্যের দলটি কেবল অর্থায়নই নয়, নিজেরাই নির্মাণকাজে সরাসরি অংশ নিচ্ছেন। শিক্ষক, ব্যাংকার, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার এসব স্বেচ্ছাসেবী প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ইট, বালু ও সিমেন্ট নিয়ে ভবনের গাঁথুনির কাজ করছেন। তাঁদের ভাষ্য, সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের এই সফরের মূল উদ্দেশ্য।
দীর্ঘদিন ধরে নিজস্ব স্থায়ী কার্যালয় না থাকায় সংস্থাটির কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছিল। সংস্থার সভাপতি জফর আলী জানান, নতুন ভবনটি নির্মিত হলে প্রতিবন্ধী ও কুষ্ঠমুক্ত মানুষের জন্য প্রশিক্ষণ, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের এমন অংশগ্রহণ সমাজে মানবিক মূল্যবোধ জোরদার করবে। তাঁর মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের যৌথ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় বাসিন্দারা বিদেশি স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা মানবসেবার পথে কোনো বাধা নয়—পঞ্চগড়ে নেদারল্যান্ডসের এই স্বেচ্ছাসেবী দল সেই বার্তাই নতুন করে তুলে ধরেছে।
✍️ মন্তব্য লিখুন