নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ শিশু। সর্বশেষ এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭২৫ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৬০ শিশুর মধ্যে ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১৭০ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৫ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জ্বর বা শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
✍️ মন্তব্য লিখুন