ঝিনাইদহ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর সমর্থক ও শৈলকুপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় এক পক্ষের সমর্থককে মারধরের ঘটনা ঘটে।
এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। গুরুতর আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, হাসপাতালে আনার আগেই মোহন শেখের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন