অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে কয়েকটি দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে ইরান–ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট দেশগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ দেশে গিয়ে ভিসা নবায়ন করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই কিছু দেশ বিকল্প ব্যবস্থা চালু করেছে।
বিশেষ করে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের ক্ষেত্রে তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে অনলাইনের মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকবে।
অন্যদিকে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার যেসব এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত এক মাস মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট প্রবাসী কর্মীরা সাময়িকভাবে স্বস্তি পাবেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
✍️ মন্তব্য লিখুন