কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ৯:৫৭ রাত
কক্সবাজারের রামু উপজেলায় ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ (২৫) ওরফে বাদল নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তার স্ত্রী তাহেরা বেগম আঁখি, যিনি স্থানীয়ভাবে টিকটকার হিসেবে পরিচিত।
বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ গিয়ে দেখে, ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর গলাকাটা অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
রামু থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
নিহত বাদল পূর্ব রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অমতে তাহেরা বেগম আঁখিকে বিয়ে করার পর থেকেই দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। আঁখির আগেও একটি বিয়ে ছিল বলে পারিবারিক আপত্তি ছিল। পরে তারা আলাদা ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
স্থানীয় ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিলে সামাজিকভাবে তা মীমাংসা করা হয়েছিল। তবে এরপরও কলহ চলছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর থেকে আঁখির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। বাইরে থেকে তালাবদ্ধ ঘর পাওয়া যাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়েছে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্ত্রীকে আটকের চেষ্টা চলছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন