প্রবাসীদের কনস্যুলেট সেবা সহজলভ্য করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির মনফালকনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুইদিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কনস্যুলেট মিলান–এর আয়োজনে এবং গরিঝিয়া মনফালকনে কমিউনিটি–এর সহযোগিতায় আয়োজিত এ সেবা কার্যক্রমে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। দুইদিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দেড় হাজার প্রবাসী বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, নো-ভিসা (No Visa Required), ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের সদস্যপদসহ কনস্যুলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসে।
সেবাকালীন উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল আলম, শরিফুল ইসলাম, মেহরুবা ইসলামসহ মিলান কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ মিলান কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান মনফালকনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ॥

✍️ মন্তব্য লিখুন