মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বিয়ে পড়ানোর কথা বলে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় রাজীব হোসেন অপু ও তাঁর সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগের শিকার কাজী মো. হাবিবুর রহমান প্রায় ২০ বছর ধরে মুন্সিগঞ্জের কাটাখালী এলাকায় নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন। তিনি একটি জাতীয় দৈনিকের সাংবাদিক নাহিদ হাসানের বাবা।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে বিয়ে পড়ানোর কথা বলে হাবিবুর রহমানকে তাঁর কাটাখালীর বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে রাজীব হোসেন অপু, স্বপনসহ কয়েকজন তাঁকে মোটরসাইকেলে করে মুক্তারপুর এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
সেখানে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের পাশাপাশি কাজী হিসেবে তাঁর লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে টাকা দিতে রাজি হন হাবিবুর রহমান। পরে তিনি মুন্সিগঞ্জের অগ্রণী ব্যাংক শাখা থেকে নিজের হিসাবের দুই লাখ টাকা উত্তোলন করেন। স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে ওই টাকা অভিযুক্তদের দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে হাবিবুর রহমান বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় রাজীব হোসেন অপু, তাঁর সহযোগী স্বপন ও কাটাখালী এলাকার সোহেলকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে রাজীব হোসেন অপু ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
এদিকে, রাজীব হোসেন অপু গ্রেপ্তারের পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের খবরও প্রকাশিত হয়েছে।
✍️ মন্তব্য লিখুন