নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ শিশু। এর মধ্যে ৮০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং ১ হাজার ২১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৯৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৫০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জনের। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী।
চলমান পরিস্থিতিতে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উল্লেখযোগ্য। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় শিশুদের সুরক্ষা ও রোগ প্রতিরোধে নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন, আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা এবং সংক্রমিত ব্যক্তিদের যথাযথ ব্যবস্থাপনা জরুরি। সাম্প্রতিক তথ্যেও দেখা যাচ্ছে, চলমান প্রাদুর্ভাবে শিশুদের ওপরই সবচেয়ে বেশি চাপ পড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিনের প্রতিবেদনে নতুন আক্রান্ত, মৃত্যু, হাসপাতালে ভর্তি ও ছাড়পত্রের তথ্য প্রকাশ করছে। পরিস্থিতি বিবেচনায় হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন