ডেস্ক নিউজ
রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধদের একজন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান (বাবু) এবং অপরজন বিএনপির কর্মী মো. ইউসুফ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা কয়েকজন স্থানীয় ব্যক্তির সঙ্গে এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমান ও ইউসুফ গুলিবিদ্ধ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেন। পরে তাকে কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার পেছনের কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
তবে ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন