লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া একটি প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ মাদকের চালান ১০ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর রংপুর রেঞ্জ পুলিশের নির্দেশে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয় এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত চার কর্মকর্তা হাতীবান্ধা থানায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, অভিযানের সময় আটক করা একটি প্রাইভেটকারে থাকা মাদকের বড় চালান জব্দ করার পর তা যথাযথ আইনি প্রক্রিয়ায় না নিয়ে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে এলে পুলিশ সদর দপ্তর ও রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি আমলে নেন।
ঘটনার পর চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সংশ্লিষ্টদের দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অভিযানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় স্বচ্ছ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
✍️ মন্তব্য লিখুন