বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় সাতটি শিয়াল হত্যার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি শিয়ালগুলো হত্যা করে মাংস রান্না করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ভিডিও ও পোস্ট ছড়িয়ে দেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২ জুলাই এলাকায় একটি শিয়ালের দলকে ধাওয়া করে অন্তত সাতটি শিয়াল হত্যা করা হয়। পরে সেগুলোর মাংস রান্না করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকটি মৃত শিয়াল এবং চামড়া ছাড়ানোর দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।
এছাড়া অভিযুক্তদের একজনের ফেসবুক পোস্টে শিয়ালের মাংস নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় শিয়ালের সংখ্যা বেড়ে যাওয়া এবং হাঁস-মুরগির ক্ষয়ক্ষতির অভিযোগকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। তবে পরিবেশবিদরা বলছেন, বন্যপ্রাণী হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যক্তি গ্রেপ্তার বা মামলার আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তদন্তের অগ্রগতির ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।
✍️ মন্তব্য লিখুন