বরিশাল ব্যুরো
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আঁখি (৩২) নামে এক নারীকে আসামি করা হলেও তিনি পালিয়ে গেছেন।
সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর দক্ষিণ পলাশপুর এলাকার মোহাম্মদপুর কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কাউনিয়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। পুলিশ জানায়, অভিযানের সময় রাসেলের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল হাওলাদার পলাশপুর এলাকার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, অভিযানের সময় মূল অভিযুক্ত আঁখি কৌশলে পালিয়ে যান। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
এদিকে, ঘটনাটি ভিন্ন মাত্রা পায় গ্রেপ্তারের পর প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইং থেকে প্রথমে প্রকাশিত ছবিতে তাকে ব্রাজিলের জার্সি পরা অবস্থায় দেখানো হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে অভিযোগ ওঠে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মূল ছবিতে পরিবর্তন এনে জার্সির রং ও নকশা বদলে দেওয়া হয়েছিল। বিষয়টি সামনে এলে বিএমপি কমিশনারের নির্দেশে সংশোধিত ছবি ও তথ্য পুনরায় প্রকাশ করা হয়। অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তা বিষয়টিকে ‘ইয়ারকির ছলে ভুল’ বলে দুঃখ প্রকাশ করেছেন।
কাউনিয়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রাসেলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামি আঁখিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন