ক্রীড়া ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নকআউট পর্বের সমীকরণও স্পষ্ট হচ্ছে। তবে ব্রাজিলের শেষ ষোলো বা রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ চূড়ান্তভাবে জানা যাবে শুক্রবার সকালেই।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সি-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল রাউন্ড অব ৩২-এ খেলবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। তবে সেই গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের মধ্যে লড়াই এখনো জমে আছে। ফলে শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরে গ্রুপ ‘এফ’-এর শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলোর ফলাফল নির্ধারণ করবে কে দ্বিতীয় স্থান নিয়ে নকআউটে উঠবে এবং কার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের জন্য সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেন—যে কেউ হতে পারে। তবে প্রতিপক্ষ যেই হোক, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার ও মাতেউস কুনিয়াদের নিয়ে গড়া সেলেসাওদের শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে, ব্রাজিল সমর্থকদের নজর এখন শুক্রবার সকালের দিকে। কারণ তখনই পরিষ্কার হবে, বিশ্বকাপের নকআউট মঞ্চে সেলেসাওদের প্রথম প্রতিদ্বন্দ্বী কে হতে যাচ্ছে।
✍️ মন্তব্য লিখুন