নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান–এর ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানিয়েছে, খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি, হুমকি এবং অন্যান্য বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তের স্বার্থে অভিযোগগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
জেলা পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ শেষে সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, বর্তমানে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে অভিযোগকারীদের দেওয়া তথ্য ও অন্যান্য উপাত্ত যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন