প্রকাশ : ১১ মে ২০২৬, ০১:০১ পিএম
আপডেট : ১১ মে ২০২৬, ০১:১৫ পিএম
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক Thaksin Shinawatra কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। সোমবার ব্যাংককের ক্লং প্রেম কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
মুক্তির সময় ৭৬ বছর বয়সী থাকসিনকে সাদা শার্ট পরিহিত অবস্থায় হাস্যোজ্জ্বল দেখা যায়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সমর্থকেরা তাকে স্বাগত জানান। সেখানে তার কন্যা এবং থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাও উপস্থিত ছিলেন।
মুক্তির খবরে কারাগারের বাইরে শত শত সমর্থক জড়ো হন। অনেকেই তার রাজনৈতিক দল ফু থাই পার্টির প্রতীকী লাল শার্ট পরে আসেন। এ সময় তারা “আমরা থাকসিনকে ভালোবাসি” স্লোগান দেন।
সাংবাদিকদের প্রতিক্রিয়ায় থাকসিন বলেন, “আমি স্বস্তি বোধ করছি।” তিনি আরও মন্তব্য করেন, “আমি যেন শীতনিদ্রায় ছিলাম, এখন অনেক কিছুই স্পষ্টভাবে মনে করতে পারছি না।”
থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় বিদেশে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন তিনি।
২০২৩ সালে দেশে ফিরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতসংক্রান্ত মামলায় আট বছরের কারাদণ্ড ভোগ শুরু করেন তিনি। পরে থাইল্যান্ডের রাজা তার সাজা কমিয়ে এক বছর করেন।
কারাগারে নেওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় ভিআইপি কেবিনে থাকার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে থাই সুপ্রিম কোর্ট মন্তব্য করে, অপ্রয়োজনীয় চিকিৎসা ও হাসপাতাল অবস্থানের মাধ্যমে সাজা ভোগে বিলম্ব করা হয়েছিল। এরপর আদালত তাকে বাকি সাজা কারাগারে ভোগের নির্দেশ দেয়।
✍️ মন্তব্য লিখুন