প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:১৬ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে মে মাসের জন্য পেট্রলের দাম বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নতুন এই মূল্যহার অনুযায়ী দেশটিতে সব ধরনের পেট্রলের দাম গড়ে প্রায় ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশটির জ্বালানি মূল্য নির্ধারণ কমিটির এক ঘোষণায় জানানো হয়, সংশোধিত মূল্য ১ মে থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Geo News এ তথ্য জানিয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সুপার ৯৮ পেট্রলের দাম লিটারপ্রতি ৩.৬৬ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৩.৩৯ দিরহাম। একইভাবে স্পেশাল ৯৫ পেট্রলের দাম বেড়ে হয়েছে ৩.৫৫ দিরহাম (আগে ৩.২৮ দিরহাম) এবং ই-প্লাস ৯১ পেট্রলের দাম দাঁড়িয়েছে ৩.৪৮ দিরহাম, যা পূর্বে ছিল ৩.২০ দিরহাম।
অন্যদিকে, ডিজেলের দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ৪.৬৯ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে মূল্য ওঠানামার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি। বিশেষ করে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে খুচরা দামে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মাসগুলোতেও দামের ওপর চাপ অব্যাহত থাকতে পারে। তবে ডিজেলের দাম স্থিতিশীল রাখা পরিবহন ও শিল্প খাতে কিছুটা স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন