ঢাকা, ২১ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পিএসসি ও জেএসসি পরীক্ষা চালু ও বাতিল—উভয় সিদ্ধান্তই নেওয়া হয়েছে অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামতের ভিত্তিতে। “যারা আগে পরীক্ষা চালুর পক্ষে মত দিয়েছিলেন, তারাই পরবর্তীতে এটি বাতিলের সুপারিশ করেছেন। ফলে বর্তমান বাস্তবতায় এসব পরীক্ষা পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই,”—বলেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থাকে চাপমুক্ত ও যুগোপযোগী করতে সরকার ধারাবাহিকভাবে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনছে। এর অংশ হিসেবে বোর্ডভিত্তিক বড় পাবলিক পরীক্ষার সংখ্যা কমিয়ে ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিলের পর শ্রেণিকক্ষভিত্তিক মূল্যায়ন, অভ্যন্তরীণ পরীক্ষা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নতুন কাঠামো বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ঘনঘন পাবলিক পরীক্ষার চাপ কমিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন