ঢাকা, ২১ এপ্রিল ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের বদলির জন্য প্রস্তুত করা সফটওয়্যারটি লাইভ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই মাঠপর্যায় থেকে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে, যা বদলি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, এতদিন এনটিআরসিএ-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য সরাসরি বদলির কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। তারা শুধুমাত্র গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুবিধা পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তির পর তা বন্ধ হয়ে যায়, যা নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
পরবর্তীতে শিক্ষকদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় এবং একটি নীতিমালা প্রণয়ন করে। তবে রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং নীতিমালার সংশোধনসহ বিভিন্ন জটিলতায় এ কার্যক্রম দীর্ঘদিন আটকে ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, সফটওয়্যারটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ায় এখন বদলি কার্যক্রম বাস্তবায়নের পথে বড় বাধা দূর হলো। দ্রুতই পূর্ণাঙ্গভাবে বদলি প্রক্রিয়া চালু হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন হাজারো শিক্ষক।
শিক্ষা সংশ্লিষ্ট মহল আশা করছে, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষকদের কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️ মন্তব্য লিখুন