নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৩
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ বিরতির পর আজ থেকেই শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীদের কোলাহল।
সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলে। তবে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত আজ থেকেই পাঠদান শুরু হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারিত সময়ের আগেই শুরু হয়।
ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো জানিয়েছে, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ছিল।
এদিকে, প্রাথমিক স্তরে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ১০টি শনিবারও নিয়মিত ক্লাস নেওয়া হবে। সে অনুযায়ী, ৪ এপ্রিলসহ ধারাবাহিকভাবে শনিবারগুলোতেও পাঠদান চলবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের আবার নিয়মিত পড়াশোনায় ফেরানো একটি বড় চ্যালেঞ্জ। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগ জরুরি।
দীর্ঘ বিরতির পর আজ থেকে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো—ফিরছে নিয়মিত একাডেমিক ছন্দ।
✍️ মন্তব্য লিখুন