অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ৩ মার্চ ২০২৬
তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড–এর মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা, উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী কোস্টগার্ড সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও জলদস্যুতা দমন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দুর্যোগকালীন উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের সামুদ্রিক সীমানা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
বৈঠকে কোস্টগার্ডের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, আধুনিক সরঞ্জাম সংযোজন, জনবল প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন মহাপরিচালক। এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সামুদ্রিক নিরাপত্তা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
✍️ মন্তব্য লিখুন