রাজধানীর পল্টন এলাকায় পৃথক স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে দেহের অংশগুলো নরসিংদীর শিবপুরের বাসিন্দা ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে রাজধানীর স্কাউট ভবনের সামনের সড়ক থেকে প্রথমে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরদিন শনিবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে খণ্ডিত দুটি হাত উদ্ধার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া হাত দুটির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।
তিনি আরও বলেন, দেহের বাকি অংশ উদ্ধারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।
উদ্ধার করা দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
✍️ মন্তব্য লিখুন