অনলাইন ডেস্ক | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি ও যাত্রীসেবায় বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি করা হবে এবং টিকিট ব্যবস্থাপনায় কড়াকড়ি নজরদারির কথাও জানিয়েছে সংস্থাটি।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট বা ফিরতি যাত্রার টিকিট ফেরতযোগ্য হবে না। এছাড়া যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
অগ্রিম ও ফিরতি টিকিটের সময়সূচি
রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে এবং চলবে ৯ মার্চ পর্যন্ত। অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত। উভয় ক্ষেত্রেই ১০০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে, যাতে ভোগান্তি কমে এবং স্বচ্ছতা বজায় থাকে।
ঈদের চাপ সামাল দিতে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ (অফ-ডে) বাতিল থাকবে। ফলে যাত্রীদের জন্য অতিরিক্ত ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিরাপত্তা ও মনিটরিং জোরদার
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ডিভিশনাল ও জোনাল পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন, সিগন্যাল কেবিন এবং রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে কর্মকর্তাদের মোতায়েন করা হবে। পাশাপাশি রেলপথ, ব্রিজ ও সিগন্যালিং ব্যবস্থার ওপর থাকবে বিশেষ নজরদারি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিলিফ ট্রেন প্রস্তুত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা জোরদার করা হবে। এ জন্য জিআরপি, আরএনবি, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে টিকিটবিহীন যাত্রী, কালোবাজারি ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভুয়া টিকিট ও প্রতারণা থেকে সতর্কতা
রেলওয়ে যাত্রীদের বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, টিকিট বিক্রির নামে ফেসবুক লিংক, ভুয়া অফার বা অননুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের প্রতারণার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনভিত্তিক শতভাগ টিকিট বিক্রি, নিরাপত্তা জোরদার এবং ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিলের মতো পদক্ষেপ ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে সহায়ক হবে এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️ মন্তব্য লিখুন