পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে আটক করা হয়। পরে দণ্ডবিধির ১৭০ ধারায় তাঁকে এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে কক্ষ বুক করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তাঁর আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
পরে প্রশাসনের কর্মকর্তারা তাঁর পরিচয় যাচাই করেন। এ সময় তাঁর কাছে থাকা বিভিন্ন কাগজপত্র ও নথিতে অসংগতি পাওয়া যায়। প্রশাসনের দাবি, ৪৪তম বিসিএসের গেজেটে থাকা একজনের নাম পরিবর্তন করে নিজের নাম বসানো এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগসংক্রান্ত কাগজপত্র জাল করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। এমনকি বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানার পর মহিপুর থানার এসআই মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত নথিপত্র যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। যাচাই-বাছাই করে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
✍️ মন্তব্য লিখুন