
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচলের নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসও কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনা করবে।
তিনি জানান, কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য কয়েকটি বিদেশি এয়ারলাইনস আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু হলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়লে হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসায় গতি আসবে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে এটি শুধু পর্যটনের বিকাশ নয়, দেশের অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️ মন্তব্য লিখুন