সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের ধামসোনা ইউনিয়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের অংশ উদ্বোধনের আগেই ধসে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই সড়ক ও সেতুর সংযোগস্থলে ধস দেখা দেওয়ায় প্রকল্পের নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নকশা অনুসরণ না করা এবং তদারকির ঘাটতির অভিযোগ তুলেছেন।
জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে ধামসোনা ইউনিয়নের নলাই মুকেন্দ্র হাউস থেকে কারিগরপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের এইচবিবিকরণ এবং তিনটি সেতু নির্মাণ প্রকল্পটি ২০২২–২৩ অর্থবছরে শুরু হয়। প্রায় চার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ এন্টারপ্রাইজ। দীর্ঘ সময় ধরে কাজ চলার পর সম্প্রতি নির্মাণ শেষ হলেও অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ধস দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, সেতুর দুই পাশে মাটি রক্ষার জন্য স্থায়ী কংক্রিট প্রতিরক্ষা কাঠামো নির্মাণের কথা থাকলেও অনেক স্থানে তা করা হয়নি। কোথাও কোথাও কংক্রিটের পরিবর্তে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। আবার নদীসংলগ্ন অংশে ব্লক বসানোর কাজেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই মাটি সরে গিয়ে সড়কের অংশ ধসে পড়ে।
এ বিষয়ে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফাইজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রকল্পের কাজের মান নিয়ে প্রশাসনও অসন্তুষ্ট। প্রকল্প পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সরকারি অর্থে বাস্তবায়িত অবকাঠামো প্রকল্পের গুণগত মান, তদারকি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন