নোয়াখালী প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। অভিযোগে তিনি ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতির দাবি করে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, তিনি স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি দেখছিলেন। তার দাবি, ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
অভিযোগে আরও বলা হয়, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসর দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি এবং তার প্রিয় দলের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণ এবং ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে অভিযোগকারী রাকিব জানান, তিনি মনে করেন ম্যাচে গুরুতর অনিয়ম হয়েছে এবং এর বিচার হওয়া উচিত। থানায় অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন