প্রাণ কুমার রায় | ঢাকা জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০ই জুলাই,২০২৬
ফিফা বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর শিক্ষাঙ্গনেও। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ উপভোগ করতে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শত শত ফুটবলপ্রেমী শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় ম্যাচটি উপভোগের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকেই কলেজের মূল ফটকসংলগ্ন এলাকায় দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। খেলা শুরুর আগেই পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ আহসানুর সাগর বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে মানুষের আবেগ ও ঐক্যের প্রতীক। সেই আবেগকে সবার সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ।
খেলা দেখতে আসা দর্শকদের অনেকেই বলেন, বড় পর্দায় একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ দেখার অভিজ্ঞতা ভিন্ন মাত্রার। বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাস, করতালি ও প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের সুযোগ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান কলেজ শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন