নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের চার বিভাগের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢল এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদ-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা-কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায়ও পানি বাড়ার প্রবণতা রয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পানি সতর্কসীমার কাছাকাছি বা ওপরে উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেলেও তা আপাতত বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। তাই সংশ্লিষ্ট জেলার প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন