বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম তালুকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় একটি আভিযানিক দল। এ সময় ফেনী থেকে মাদক বহন করে মাহিন্দ্রাযোগে রামপালের দিকে আসার পথে সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৬-এর সহকারী পরিচালক মো. ফজলুর রহমান বলেন, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন