ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর নিহতের মোবাইল ফোন থেকেই তাঁর মেয়েকে কল করে বলা হয়, “তোর বাবাকে মেরে ফেলেছি”—যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বারেক আকন্দ ওই ইউনিয়নের দুর্বারচর গ্রামের বাসিন্দা এবং তিনি বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর সড়কে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর নিহতের মোবাইল ফোন থেকেই তাঁর মেয়ে বৃষ্টিকে কল করে অজ্ঞাত ব্যক্তি জানায়, “তোর বাবাকে মেরে ফেলেছি।” এই ফোনকলকে হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, দেশের সীমান্তে দায়িত্ব পালন করলেও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। তিনি দাবি করেন, তাঁদের পরিবারের কোনো পরিচিত শত্রু ছিল না। তাঁর ধারণা, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন