নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে এবং মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন থানার আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। থানাভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায়। এছাড়া রমনা, বংশাল, খিলক্ষেত, কদমতলী, মিরপুর ও তুরাগ থানার আওতাতেও অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনুমোদনহীন রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
✍️ মন্তব্য লিখুন