নিজস্ব প্রতিবেদক
ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছেন কি না—তা সরেজমিনে জানতে সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে ভূমি অফিসে গেলেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার (২৮ সেপ্টেম্বর) বোরকা পরে পরিচয় গোপন রেখে তিনি উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
ভূমি অফিসে গিয়ে ফরিদা খানম নিজেও একজন সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেখানে সেবা নিতে আসা অন্য সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তাঁরা ভূমিসেবা নিতে গিয়ে কোনো হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে জানতে চান তিনি।
এ সময় ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও কাছ থেকে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। আনুষ্ঠানিক পরিদর্শনের বাইরে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে ভূমিসেবার বাস্তব চিত্র বোঝাই ছিল এ পরিদর্শনের মূল উদ্দেশ্য।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নিয়মিত আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, তা সরাসরি জানতে তিনি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে ভূমি অফিসে গিয়েছেন।
তিনি আরও বলেন, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব চিত্র জানা গেলে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের জন্য ভূমিসেবা আরও সহজ ও জনবান্ধব করতে নিয়মিত তদারকির পাশাপাশি মাঠপর্যায়ে আকস্মিক ও সরেজমিন পর্যবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন