আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে এক হৃদয়বিদারক ঘটনায় নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বহুতল ভবনের ওপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করেছেন এক ভারতীয় প্রবাসী নারী। পরে তিনি নিজেও ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে শনিবার এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে শারজাহর আল-নাহদা এলাকার একটি আবাসিক ভবনের নিচে মা ও শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ভবনের নিরাপত্তাকর্মীরা বিকট শব্দ শুনে বাইরে গিয়ে ঘটনাটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে তার মেয়েকে ওপর থেকে ছুড়ে ফেলেন। এরপর নিজেও নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ভবনটির একটি অংশ আবাসিক এবং নিচের কয়েকটি তলা পার্কিং ও অন্যান্য সুবিধার জন্য ব্যবহৃত হতো।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার একদিন আগে ওই নারী ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ হয়েছিল। এ সময় পুলিশও ডাকা হয়েছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্বামী দাবি করেছেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন