প্রাণ কুমার রায়, ঢাকা জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৩/০৪/২০২৬ ইং
গুপ্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে মিছিল করেছে ছাত্রদল। সংগঠনটির কলেজ শাখার আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘গুপ্ত সন্ত্রাস বন্ধ কর’, ‘শিক্ষাঙ্গনে সহিংসতার রাজনীতি চলবে না’ এমন বিভিন্ন স্লোগান দেন।
এ সময় আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, “শিক্ষাঙ্গনে গুপ্ত সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যারা গোপনে অস্থিতিশীলতা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি এবং থাকব।”
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম আহ্বায়ক সদস্য আহসানুর সাগর বলেন, “শিক্ষাঙ্গনে কোনো ধরনের গুপ্ত সন্ত্রাস বা অরাজকতা মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা গোপনে সহিংসতা ছড়িয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক সহিংসতার বাইরে রেখে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, সম্প্রতি শিক্ষাঙ্গনে যে ধরনের অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, তা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মিছিল ও সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
✍️ মন্তব্য লিখুন