আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ মার্চ ২০২৬
শ্রীলঙ্কার জলসীমার কাছে ডুবতে থাকা একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে শ্রীলঙ্কা নৌবাহিনী। বিপদসংকেত পাওয়ার পরপরই নৌ ও বিমান ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জাহাজের আরোহীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ পার্লামেন্টে বলেন, প্রায় ১৮০ জন নাবিক বহনকারী জাহাজটির কয়েকজন আহত সদস্যকে দেশের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাজটি কেন ডুবতে শুরু করেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাহাজটির নাম ‘আইরিস দেনা’। এটি ইরানি নৌবাহিনীর একটি ফ্রিগেট (মাঝারি রণতরী)। দক্ষিণাঞ্চলের গল উপকূলের কাছে অবস্থানকালে জাহাজটি বিপদসংকেত পাঠায়।
উদ্ধারকৃতদের পরিচয় ও জাহাজডুবির কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপটে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।
✍️ মন্তব্য লিখুন