
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক অধ্যাপকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)।
ডিবি জানিয়েছে, চিকিৎসকদের ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের অর্থ আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চালানো হয়। তদন্তে উঠে এসেছে, হামলার আগে ওই চিকিৎসকের কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে রাজধানীতে। চাঁদা দাবির পর নির্ধারিত সময়ে টাকা না পাওয়ায় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ডিবির ওয়ারী বিভাগ তদন্ত শুরু করে। পরে শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ও খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার সানি সাহা উচ্চবিত্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও হামলায় অংশ নেওয়া সদস্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এর আগে অধ্যাপক আসাদুর রহমান অভিযোগ করেন, অপরিচিত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তাঁকে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে হামলার মাধ্যমে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হামলার পেছনে থাকা পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
✍️ মন্তব্য লিখুন