বরিশাল সংবাদদাতা
অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে হ্যারিকেন মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরের সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মহানগর ছাত্রশক্তির নেতা-কর্মীরা হ্যারিকেন হাতে মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে জুমার নামাজের পর নগরের চকবাজার ফলপট্টি রোড এলাকা থেকে জেলা ছাত্রশক্তির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে টাউন হল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ আরও বেড়েছে। একই সঙ্গে ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল ও গ্যাসসংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
বক্তারা বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো জরুরি খাতের ব্যবস্থাপনায় সরকারের সরাসরি ও কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে ১১ আগস্টও বরিশালে লোডশেডিং বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। দলটির নেতারা দাবি করেন, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন