পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকার (৫০)।
নিখিল কর্মকারের ভাষ্য, রাতের কোনো এক সময় ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ডাকাতেরা তাঁর হাত-পা মশারি দিয়ে বেঁধে ফেলে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।
ডাকাতেরা তাঁর স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে বলে অভিযোগ করেন নিখিল কর্মকার। তাঁর মেয়ে নিঝুম কর্মকার জানান, চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে তিনি তাঁর বাবার গলায় ছুরি ধরে থাকতে দেখেন। চিৎকার করলে তাঁকেও আঘাত করে বেঁধে ফেলা হয়।
ডাকাতেরা বাড়ির আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁর ধারণা, পূর্বশত্রুতার জেরেও এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, রাতের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
✍️ মন্তব্য লিখুন