এক দশকেরও বেশি সময় ধরে চলা বেবি পাউডার–সংক্রান্ত ক্যানসার মামলার অবসান ঘটাতে প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধে সমঝোতায় পৌঁছেছে মার্কিন বহুজাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Johnson & Johnson (জে অ্যান্ড জে)। সমঝোতা কার্যকর হলে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকির অভিযোগে দায়ের করা প্রায় ৭৬ হাজার মামলা নিষ্পত্তি হতে পারে।
কোম্পানিটি জানিয়েছে, এই সমঝোতা কার্যকর হতে হলে অবশিষ্ট মামলার ৯৫ শতাংশ বাদীকে এতে সম্মতি দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে এবং বাকি অর্থ পরবর্তী ধাপে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে হাজারো বাদীর অভিযোগ ছিল, জে অ্যান্ড জে–র ট্যালকমভিত্তিক বেবি পাউডার ব্যবহারের সঙ্গে ডিম্বাশয়ের ক্যানসারের সম্পর্ক রয়েছে। তবে শুরু থেকেই কোম্পানিটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তাদের ট্যালকম পণ্য নিরাপদ এবং এতে অ্যাসবেস্টস ছিল না।
এর আগে দেউলিয়া আইনের আশ্রয় নিয়ে একাধিকবার মামলা নিষ্পত্তির চেষ্টা করেছিল জে অ্যান্ড জে। কিন্তু মার্কিন আদালত সেই উদ্যোগগুলো প্রত্যাখ্যান করে। সর্বশেষ সমঝোতা প্রস্তাবটি আগের পরিকল্পনার মতো ভবিষ্যতের সম্ভাব্য দাবি নয়, বরং বর্তমানে চলমান মামলাগুলোর নিষ্পত্তির জন্য করা হয়েছে।
উল্লেখ্য, ক্রমবর্ধমান আইনি জটিলতার মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে জে অ্যান্ড জে। পরে প্রতিষ্ঠানটি কর্নস্টার্চভিত্তিক বিকল্প পণ্য বাজারে আনে।
✍️ মন্তব্য লিখুন