কুমিল্লা প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের উচ্ছ্বাস ও উত্তেজনা এবার রূপ নিল মর্মান্তিক ঘটনায়। কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে কথাকাটাকাটির জেরে আর্জেন্টিনা সমর্থকদের মারধরে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. শরিফুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় হলেও তিনি কুমিল্লা মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনা–মিশর ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে শরিফুল উল্লাস প্রকাশ করেন এবং কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের উদ্দেশে কটাক্ষ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খেলা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন